গো সংরক্ষণ ইস্যুতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বখরি ঈদের প্রাক্কালে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পর গরু সংরক্ষণ ও গোমাংস বিক্রি প্রসঙ্গে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। এই আবহেই ধর্মতলা চত্বরে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করল অখিল ভারত হিন্দু মহাসভা।
সংগঠনের দাবি, গো সংরক্ষণ এবং গরু কেনাবেচা নিয়ে সামাজিক মাধ্যমে করা কিছু মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে পারে। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
![]()
দেখুন ভিডিও
হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছে, গো সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পদক্ষেপকে তারা সমর্থন জানাচ্ছে। সংগঠনের বক্তব্য, বহু বছর ধরেই তারা গোহত্যা নিষিদ্ধ করা এবং গোমাতাকে জাতীয় প্রাণীর মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
ডঃ চন্দ্রচূড় গোস্বামী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা গো সংরক্ষণ নিয়ে মন্তব্য করে সমাজে বিভাজনের পরিবেশ তৈরি করছেন। তাঁর দাবি, “গো সংরক্ষণ ভারতের বহু মানুষের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িত। এই বিষয়ে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকা উচিত।”
![]()
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে প্রীতম বালা, অন্তরা মিত্র, অভিষেক বোস, প্রিয়ব্রত ভট্টাচার্য্য, রিষা বসাক, মিন্টু ঘোষ-সহ সংগঠনের একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। হিন্দু মহাসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মহুয়া মৈত্র প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামী দিনে আইনি পদক্ষেপের পথে এগোবে তারা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বখরি ঈদকে কেন্দ্র করে গো সংরক্ষণ ইস্যুতে রাজ্যে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে।